প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ পিএম

ইরানকে চীন ও রাশিয়া সহায়তা করছে—এমনটা বিশ্বাস করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশ দুটি সহায়তা করলেও তা সীমিত পর্যায়ে হতে পারে বলে মনে করেন তিনি। ট্রাম্পের মতে, ইরানকে সহায়তা করলে চীন ও রাশিয়াকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।
সোমবার (১২ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করলেও তা খুব সীমিত পর্যায়ে হতে পারে। তবে তারা আদৌ সহায়তা করছে, তা তিনি বিশ্বাস করেন না।
ট্রাম্প আরও বলেন, ‘তাদের হারানোর অনেক কিছু আছে। আর তারা এমন কিছু করলে আমরা তা জানতে পারব, খুব দ্রুতই জানতে পারব।’
এর আগে গত জুলাইয়েও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি দাবি করেন, মে মাসে চীনে বৈঠকের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তাঁকে আশ্বাস দিয়েছিলেন, চীন কোনো অবস্থাতেই ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না। চীনা কোম্পানির মাধ্যমেও এমন অস্ত্র বিক্রি করা হবে না বলে জানিয়েছিলেন শি। ট্রাম্পের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাঁকে ইরানের কাছে অস্ত্র বিক্রি না করার কথা বলেছেন।
ট্রাম্প তখন সতর্ক করে বলেছিলেন, চীন বা রাশিয়া ইরানের পক্ষে যুদ্ধে জড়ালে দেশ দুটির জন্য তা ‘খুব খারাপ’ হবে।
গত মে মাসে ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহের নেটওয়ার্ককে সহায়তা এবং মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করতে কাজে লাগতে পারে—এমন স্যাটেলাইট ছবি সরবরাহের অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তবে চীনের দাবি, দেশটির কোনো প্রতিষ্ঠান ইরানের সামরিক বাহিনীকে সহায়তা করেনি।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয় তেহরান।
পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে সমঝোতাটি বাস্তবায়নের উদ্যোগ থমকে গেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি