প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:০৫ পিএম

ভারতের জনগণ একদিকে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্যদিকে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সোমবার (১২ অক্টোবর) দিল্লির বিক্ষোভ কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে রাহুল গান্ধী জানান, বেলা ৩টায় ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে তাঁর বিরুদ্ধে রিট আবেদন দাখিল করা হবে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলীয় নেতা বলেন, এ ইস্যুতে দিল্লিতে গত চার-পাঁচ দিন ধরে ‘চলো দিল্লি’ ও ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে সাধারণ মানুষের গণআন্দোলন গড়ে উঠেছে।
পুরো দিল্লিকে অবরুদ্ধ করে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আড়াল ও সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে।
রাহুল গান্ধী বলেন, সরকার এ কাজ করে মারাত্মক ভুল করছে। প্রধান নির্বাচন কমিশনারকে যত বেশি সুরক্ষা দেওয়া হবে, তাঁকে নিয়ন্ত্রণ করছেন কে, তা খুঁজে বের করা তত সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ