
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না, কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
সোমবার (১২ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে। তবে বাংলাদেশের মানুষ অতীতেও বিভিন্ন সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করেছে। তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় বাংলাদেশি পরিচয় ধারণ করে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা বলেন। এই চেতনাকে ধারণ করে দেশের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করেন। দেশের মানুষের ঐক্য ও সম্প্রীতি অটুট রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিভিন্ন সহায়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পূজা উদ্যাপনের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দ ও সহায়তা সরকারি নির্দেশনা এবং নির্ধারিত নীতিমালা অনুসারে বণ্টন করতে হবে।
সভায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মাদক এখন দেশের জন্য একটি গুরুতর সমস্যা। এ সমস্যা নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
আসন্ন দুর্গাপূজায় মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলা ও পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
স্বদেশ প্রতিদিন/এস পি