
নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উত্তর শাহজাহানপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সিটি কর্পোরেশন জানায়, বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানো সম্ভব হবে। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এ উদ্যোগ নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাঁদের জন্য চার লাখ টাকা করে মৃত্যুজনিত ঝুঁকি ভাতা এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষাসামগ্রী প্রদানে হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতা প্রশংসনীয়।’
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা থেকে বিরত থাকলে নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও বহুগুণে কমানো সম্ভব হবে। নাগরিক সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ সিটি কর্পোরেশনকে জানালে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এই ঢাকা শহর আমাদের সবার—আমরা নিজেরা সচেতন হলে এবং নিজেদের অভ্যাসের পরিবর্তন করলে ঢাকা শহরও দ্রুত বদলে যাবে।’
অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা ও স্বাস্থ্যঝুঁকি কমাতে তাঁদের মধ্যে বিভিন্ন ধরনের সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রীর মধ্যে ছিল সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন ও হাই-ভিজিবিলিটি ভেস্ট।
ডিএসসিসির উদ্যোগে এর আগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ এবং বুয়েট-সংলগ্ন পালাশী এলাকার এসটিএস আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালিত হয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি