প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৪১ পিএম

সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। গত রোববার (১১ অক্টোবর) খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, বনদস্যু সম্রাট বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ১১ অক্টোবর দুপুর ২টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ানের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা ওই জেলেদের ধরে নিয়ে যায়। পরে তাঁদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করা হয় বলে জানায় কোস্টগার্ড।
উদ্ধার হওয়া জেলেরা হলেন মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তাঁরা সবাই খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্টগার্ড জানিয়েছে, সংশ্লিষ্ট সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি