প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৩২ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় কুমিল্লার নাঙ্গলকোটের হাফেজ মুফতি নাসরুল্লাহর (৩৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুফতি নাসরুল্লাহ নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর ওলামা বাড়ির হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহর পুত্র। মুফতি নাসরুল্লাহর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই মুফতি আতিকুল্লাহ।
রোববার দুপুরে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মুফতি নাসরুল্লাহ দুই পুত্র ও এক কন্যাসন্তানের জনক বলে জানা গেছে। শনিবার বাংলাদেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন হাফেজ মুফতি নাসরুল্লাহ। সৌদি আরবের রিয়াদে তাঁদের বহনকারী বিমানটি পৌঁছানোর পর তাঁরা জেদ্দাগামী একটি বিমানের জন্য অপেক্ষা করাকালে এ হামলার ঘটনা ঘটে। হাফেজ মুফতি নাসরুল্লাহ ঢাকার জামেয়া রবিউল্লাহ ইসলামীয়া মাদরাসার শিক্ষা সচিব হিসেবে কর্মরত ছিলেন।
হাফেজ মুফতি নাসরুল্লাহর মৃত্যুর খবরে তাঁর পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি, খোঁজখবর নিচ্ছি।”
স্বদেশ প্রতিদিন/এফএইচ