প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৭ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান। প্রতীক বরাদ্দের পর প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে আচরণবিধি প্রতিপালন নিয়ে মতবিনিময় করেন তিনি।
এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থীরা হলেন বিএনপি থেকে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন—ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী দেলওয়ার হোসেন—দাঁড়িপাল্লা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম—হাতপাখা প্রতীক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলিম নিজামী—বটগাছ প্রতীক এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক—ডাব প্রতীক।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেনসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এ আসনে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি