প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৫৩ পিএম

গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তামান্না তানজিলা প্রধানের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর বাবা সাইফুল ইসলাম প্রধান।
অভিযোগ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম প্রধানের মেয়ে সিনথিয়া আক্তার সুচি গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পুলকিত শাখার শিক্ষার্থী। গত ৩০ সেপ্টেম্বর বুধবার বিদ্যালয়ের সহকারী শিক্ষক তামান্না তানজিলা প্রধান ওই শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। কানে ও ঘাড়ে উপর্যুপরি চার থাপ্পড় দেওয়ায় সে অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীকে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় পরদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অভিযোগ জানান শিক্ষার্থীর বাবা। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষক অসুস্থ শিক্ষার্থীর মা প্লাবন বেগমকে ৫ অক্টোবর বিদ্যালয়ে ডেকে নেন। পরে তিনি ‘তোমার মেয়ে কীভাবে এই স্কুলে পড়ে তা দেখে নেব’ বলে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ওই দিন বিকেলে বিদ্যালয় ছুটির পর বাসায় ফেরার পথে অসুস্থ শিক্ষার্থী সিনথিয়া আক্তার সুচির পথরোধ করেন অভিযুক্ত শিক্ষক। এ সময় তিনি উচ্চস্বরে বলতে থাকেন, ‘আমার নামে কী অভিযোগ করার আছে করিস।’
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক তামান্না তানজিলা প্রধান শিক্ষার্থীকে গালে চার থাপ্পড় দেওয়ার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাশের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তদন্তের জন্য একটি সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্তের জন্য সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আরশাদ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি