বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আগাম আমন কাটায় ব্যস্ত কৃষক, প্রস্তুতি শীতকালীন ফসলের      ● মানুষের চাপে উঁচু পাহাড়ে সরে যাচ্ছে মনাল      ● IMF-World Bank-এর বার্ষিক সভায় আমন্ত্রণ পেলেন কেন্দুয়ার নাজমুল হাসান      ● হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি, ‘অবৈধ’ নৌপথ বন্ধ করবে ইরান      ● বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার      ● পানি ইস্যুতে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ      ● বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, জরিমানা ৫৫ হাজার      ● তীরে ফেরা জেলেদের মাঝে অসন্তোষ, প্রণোদনা বাড়ানোর দাবি      ● বিদেশি শিক্ষার্থীদের ওপিটি ফিতে ৭০ হাজার ডলারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের      ● এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হবে ১০ উড়োজাহাজ      ● ঠাকুরগাঁও-১ আসনে আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ      ● সমকামী পরিচয়ে ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩      
আগাম আমন কাটায় ব্যস্ত কৃষক, প্রস্তুতি শীতকালীন ফসলের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৪ পিএম

উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কাটার পর জমি প্রস্তুত করা হচ্ছে শীতকালীন আগাম শাক-সবজি ও অন্যান্য ফসল চাষের জন্য। আগাম ধান ঘরে তুলতে শুরু করায় কৃষকের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। তবে সার, ডিজেল, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবার আমন চাষে বিঘাপ্রতি উৎপাদন খরচ বেড়েছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। ফলে ফলন আশানুরূপ হলেও লাভ নিয়ে কিছুটা হতাশ কৃষকেরা।

কৃষকেরা জানান, সাধারণত নভেম্বরের শুরুতে আমন ধান কাটার উৎসব শুরু হয়। এর প্রায় এক মাস আগেই আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়। বোরো ধান কাটার কিছুদিন পর জুনের মাঝামাঝি সময়ে আগাম জাতের আমন চাষ করা হয়। এই ধান কাটার পর জমিতে আগাম শীতকালীন শাক-সবজি চাষ করা হয়। পরে শীতকালীন ফসল ঘরে তোলার পর একই জমিতে বোরো ধান চাষ করেন কৃষকেরা।

এভাবে একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হওয়ায় কৃষকের আয়ও বাড়ছে। কৃষকদের আশা, এভাবে আয় বাড়িয়ে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের মঙ্গা পরিস্থিতি জয় করা সম্ভব হবে।

রংপুরের মহিপুর তিস্তার চর এলাকার কৃষক শফিয়ার রহমান বলেন, সাধারণত উঁচু জমিতে আগাম জাতের আমন চাষ করা হয়। এসব জমিতে পানি জমে থাকে না। তিনি পাঁচ বিঘা জমিতে আমন চাষ করেছেন। এর মধ্যে তিন বিঘা জমি থেকে ৪৭ মণ ধান পেয়েছেন। বাকি দুই বিঘার ধান এক সপ্তাহ পর কাটবেন।

তিনি বলেন, আগাম জাতের আমনে বিঘাপ্রতি ফলন সাধারণ আমনের তুলনায় দুই থেকে তিন মণ কম হয়। প্রতি বিঘায় ১৬ থেকে ১৮ মণ ধান পাওয়া যায়। এ বছর প্রতি বিঘায় উৎপাদন খরচ হয়েছে ১৪ হাজার টাকা। গত বছর একই জমিতে খরচ হয়েছিল ১২ হাজার টাকা।

শফিয়ার রহমান বলেন, আগাম আমন ধান কাটার পর জমিতে ফুলকপি, গাজর, বেগুন ও ধনিয়াপাতাসহ আগাম জাতের শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন। শীতকালীন সবজি তোলার পর ওই জমিতে বোরো ধান চাষ করবেন।

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট গ্রামের কৃষক আদিলুর রহমান ছয় বিঘা জমিতে আগাম আমন চাষ করেছেন। তিনি বলেন, আগাম জাতের আমনের ফলন কিছুটা কম হলেও ধান কাটার পর দ্রুত জমিতে শীতকালীন শাক-সবজি চাষ করা যায়। এতে কৃষকেরা লাভবান হন।

তিনি জানান, ছয় বিঘা জমিতে আগাম আমন চাষে এবার খরচ হয়েছে ৮৭ হাজার টাকা। গত বছর একই জমিতে খরচ হয়েছিল ৭১ হাজার টাকা। তাঁর ভাষ্য, এলাকায় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আগাম জাতের আমন ধান কাটা চলে। এবার ধানের ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তিনি হতাশ।

কালীগঞ্জের কাকিনা চর রুদ্রেশ্বর এলাকার কৃষক হোসেন আলী বলেন, তাঁদের এলাকায় চলতি সপ্তাহ থেকে আগাম আমন কাটা শুরু হয়েছে। অনেক কৃষক ধান কাটার পর জমিতে আগাম শীতকালীন ফসল চাষ করেছেন।

তিনি বলেন, এ বছর আগাম জাতের আমনে তেমন রোগবালাই দেখা দেয়নি। ফলনও আশানুরূপ হয়েছে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আমন ধান চাষে লাভের অঙ্ক কমেছে। তিনি তিন বিঘা জমি থেকে ৫২ মণ ধান পেয়েছেন। এখন জমিতে আগাম জাতের ফুলকপি লাগাচ্ছেন।

হাতীবান্ধার চর গড্ডিমার এলাকার কৃষক রওশন আলম বলেন, এ বছর তাঁদের এলাকায় কোনো বন্যা হয়নি। তাই আগাম জাতের আমনের ক্ষতি হয়নি। তাঁরা সাধারণত আগাম জাতের ধান চাষ করেন, যাতে ধান কাটার পর শীতকালীন ফসল আগাম চাষ করতে পারেন। তাঁর চার বিঘা জমির ধান পেকে গেছে। দুই-তিন দিনের মধ্যে কাটা শুরু করবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছর রংপুর অঞ্চলের পাঁচ জেলা—কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও নীলফামারীতে আমন ধানের চাষ হয়েছে ৬ লাখ ২১ হাজার ৫৫০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ লাখ ১ হাজার ৩৯১ টন চাল। এর মধ্যে আগাম জাতের আমন ধান চাষ হয়েছে ৩৩ হাজার হেক্টর জমিতে।

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু বকর সাইফুল ইসলাম বলেন, উঁচু জমিতে চাষ করা আগাম জাতের আমন ধান ইতোমধ্যে কাটা শুরু হয়েছে। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আগাম আমন কাটা চলবে। নভেম্বরের শুরুতে শুরু হবে মৌসুমের সাধারণ আমন ধান কাটা। এ বছর বন্যার প্রভাব কম থাকায় আগাম আমনের উৎপাদন আশানুরূপ হয়েছে।

তিনি আরও বলেন, কৃষকেরা আগাম আমন ধান কাটার পর ভুট্টা, আলু, শাক-সবজিসহ নানা ধরনের আগাম শীতকালীন ফসল চাষ করেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close