প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:০৫ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠিতে জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পূজামণ্ডপগুলোতে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসন নিয়ে আলোচনা করা হয়।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মেরিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা বক্তব্য দেন।
সভায় বক্তব্যে জেলা পুলিশ সূত্রে জানানো হয়, এ বছর ঝালকাঠি জেলার চার উপজেলায় মোট ১৬০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নিচ্ছে জেলা পুলিশ।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মো. শাহ আলম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. হুমায়ুন কবির, ঝালকাঠি সদর থানার ওসি আনোয়ারুল ইসলাম, নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান, রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস, কাঠালিয়া থানার ওসি নাছের রায়হান এবং ট্রাফিক বিভাগের টিআই (অ্যাডমিন) মো. মেহেদী হাসান।
এ সময় পূজা উদযাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, সদর উপজেলা শাখার সভাপতি দিলীপ হালদার, রাজাপুর উপজেলা শাখার সভাপতি রতন দেবনাথ, নলছিটি উপজেলা শাখার সভাপতি পলাশ সজ্জন এবং কাঠালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজা চলাকালীন স্থানীয় বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। জবাবে পুলিশ ও পূজা কমিটির সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করে একটি উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ