
সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়নে স্বচ্ছতা আনতে প্রথমবারের মতো লটারি পদ্ধতি চালু করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, পূর্বের নেতিবাচক ধারণা থেকে উত্তরণ এবং ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচিত স্টেশনগুলোর দুর্নীতির সিন্ডিকেট ভাঙতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের বদলি-পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। বিশেষ করে ঢাকার বিভিন্ন পোস্টিংকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। জনমনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া হিসেবে মনে করা হয়, সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতে লটারি পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে কোনো ধরনের বৈষম্য ছাড়াই স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি জানান, বর্তমানে সারা দেশে ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রার কর্মরত রয়েছেন। তাদের মধ্য থেকে স্বচ্ছ লটারি পদ্ধতিতে প্রাথমিকভাবে ঢাকা জেলার ১৮টি গুরুত্বপূর্ণ স্টেশনের জন্য ১৮ জন কর্মকর্তাকে নির্বাচন করা হয়েছে।
লটারিতে নির্বাচিত কর্মকর্তাদের দক্ষতা, মানসিক চাপ সামলানোর সক্ষমতা এবং সংশ্লিষ্ট স্টেশনের প্রয়োজন বিবেচনা করে চূড়ান্ত পদায়ন দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নির্বাচিত কর্মকর্তারা পদায়নের পর সার্ভিস রুল অনুযায়ী সততার সঙ্গে দায়িত্ব পালন করা পর্যন্ত সংশ্লিষ্ট পদে বহাল থাকবেন। তবে কেউ দুর্নীতিতে জড়িত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, শুধু ঢাকায় নয়, পর্যায়ক্রমে দেশের যেসব স্থানকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির শিকড় গজানোর অভিযোগ রয়েছে, সেসব জায়গায়ও পদায়নে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হবে।
মো. আসাদুজ্জামান জানান, বর্তমানে দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। এর বিপরীতে ১৩৯টি পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদে দ্রুত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া পদায়ন করা কর্মকর্তাদের সার্বিক কার্যক্রম ২৪ ঘণ্টা মনিটরিংয়ের আওতায় রাখা হবে বলেও জানান আইনমন্ত্রী।
লটারি কার্যক্রমের অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ