প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম

রাজবাড়ীর পাংশায় চোরাই বৈদ্যুতিক মিটারসহ বুদ্ধদেব প্রামানিক বিধান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বাবুপাড়া এলাকার বাসুদেব কুমার প্রামানিক বাবলুর ছেলে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাবুপাড়া ইউনিয়নের একটি বাগান থেকে চুরি হওয়া বৈদ্যুতিক মিটারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার বাবুপাড়া গ্রামের সবুজ কুমার বসাকের বসতবাড়িসহ তাঁর চাচা নিমাই চন্দ্র বসাক, প্রতিবেশী রানা বিশ্বাস নিখিল ও আশপাশের বাড়ি থেকে অজ্ঞাতনামা চোর চক্র মোট ৫টি বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় সবুজ কুমার বসাক (২৭) বাদী হয়ে ৫ সেপ্টেম্বর পাংশা থানায় একটি চুরি ও চোরাই মালামাল রাখার অপরাধে লিখিত এজাহার দায়ের করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বৈদ্যুতিক মিটার চুরির দায়ে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এই চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ