মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা      ● আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া উচিত নয়      ● ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার      ● নিজের পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীকে চমকে দিল জাইমা      ● সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      ● বল ভেবে ককটেল হাতে      ● বিশ্ববাজারে কমছে অপরিশোধিত তেলের দাম      ● আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল      ● র‍্যাশ ছাড়াই দীর্ঘদিন চুলকানি হলে সতর্কতা      ● এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: আইসিটি মন্ত্রী      ● ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন      ● জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত      
মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম

একসময় সম্ভাবনাময় ও লাভজনক পেশা হিসেবে মাছ চাষে ঝুঁকেছিলেন ঠাকুরগাঁওয়ের অসংখ্য যুবক, তরুণ ও কৃষকরা। বাড়ির পুকুর কিংবা ইজারা নেওয়া জলাশয়ে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, মাছের খাবার ও পোনার বাড়তি দাম, রোগবালাই এবং বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়া ও সরকারি সহায়তার অভাবে সেই আগ্রহে এখন ভাটা পড়েছে।

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার যুবক রুবেল রানা। পুকুরে মাছ চাষ শুরু করেন ২০১৫ সালে। ধীরে ধীরে বাড়তে থাকে উৎপাদন, বাড়ে আয়। মাছ বিক্রির টাকায় এখন সংসারের খরচ মেটানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন অন্যদের জন্যও।

রুবেল রানার মতো ঠাকুরগাঁওয়ের অনেক মানুষের জীবন বদলে দিয়েছে মাছ চাষ। কেউ ছোট পুকুরে শুরু করে এখন বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন করছেন, আবার কেউ মাছ চাষকে করেছেন পরিবারের প্রধান আয়ের উৎস। পুকুরের পানিতে তাই শুধু মাছ নয়, অনেক পরিবারের স্বপ্নও বেড়ে উঠছে। তবে সেই স্বপ্নের পথ দিন দিন যেন কঠিন হয়ে উঠছে। মাছের খাদ্য, ওষুধ ও পোনার দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। প্রয়োজনীয় পুঁজি না থাকায় অনেকে চাইলেও বড় পরিসরে মাছ চাষে যেতে পারছেন না। সহজ শর্তে ঋণ ও সরকারি সহায়তা না পাওয়ায় নতুন উদ্যোক্তাদের অনেকেই মাঝপথে থেমে যাচ্ছেন।

রুবেল রানা বলেন, ‘আমি বর্তমানে একটি ৮ বিঘা ও আরেকটি প্রায় ২৫ বিঘা আয়তনের দুইটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছি। বাণিজ্যিকভাবে মাছ চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। কিন্তু খাদ্য, ওষুধসহ মাছ চাষের প্রায় সব উপকরণের দাম বেড়েছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। সহজ ঋণ ও সরকারি সহযোগিতা বাড়ানো হলে আরও বড় পরিসরে মাছ চাষ করা সম্ভব হবে।’

জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে মাছ চাষির সংখ্যা প্রায় ২১ হাজার। জেলার প্রায় ৫ হাজার ৬০০ হেক্টর জমিতে পুকুরে মাছ চাষ হচ্ছে। বছরে উৎপাদন হচ্ছে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন মাছ। বিপরীতে জেলার বার্ষিক চাহিদা প্রায় ৩৭ হাজার ৮০০ মেট্রিক টন। অর্থাৎ বছরে চাহিদার তুলনায় প্রায় ২ হাজার ৮০০ মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে।

জেলার বিভিন্ন এলাকার পুকুরে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ হচ্ছে। আধুনিক পদ্ধতিতে মাছ উৎপাদনের কারণে অনেক উদ্যোক্তা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তৈরি করছেন কর্মসংস্থান। পুকুর প্রস্তুত, মাছের খাবার ও ওষুধ সরবরাহ, পরিবহন এবং বাজারজাতকরণ ঘিরেও তৈরি হয়েছে নানা ধরনের কাজের সুযোগ।

মাছ চাষি মো. আক্তারুজ্জামান বলেন, ‘মাছ চাষে ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন নতুন অনেক উদ্যোক্তা এই খাতে আসছেন। প্রণোদনা, সহজ শর্তে ঋণ এবং বাজারজাতকরণে সহযোগিতা পাওয়া গেলে মাছ চাষ আরও বাড়ানো সম্ভব।’

মো. দবিরুল ইসলামও মাছ চাষ করে নিজের অবস্থার পরিবর্তন করেছেন। তিনি বলেন, ‘অনেকে অল্প পরিসরে মাছ চাষ শুরু করে এখন বড় আকারে করছেন। তাদের দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছেন। সরকার যদি সুদমুক্ত বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে, তাহলে আরও অনেক মানুষ এই পেশায় আসতে পারবেন।’

চাষিরা বলছেন, পুকুর খনন থেকে শুরু করে মাছের পোনা, খাদ্য ও ওষুধ কেনা পর্যন্ত প্রতিটি ধাপেই বেড়েছে খরচ। ফলে বাড়তি বিনিয়োগ করতে না পারায় অনেকের উৎপাদন বাড়ানোর সুযোগ হচ্ছে না। আবার বাজারে মাছের দাম কমে গেলে লোকসানের আশঙ্কাও থাকে।

অন্যদিকে ঠাকুরগাঁওয়ের মাছের চাহিদা শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ নয়। জেলার উৎপাদিত মাছ যাচ্ছে আশপাশের বিভিন্ন জেলাতেও। বাইরের জেলার ব্যবসায়ীরা এসে মাছ কিনে নিয়ে যাচ্ছেন। উৎপাদন বাড়ানো গেলে এই বাজার আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, ‘সরকারি সুযোগ-সুবিধা চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মাছ চাষিদের ঋণের বিষয়ে ব্যাংকগুলোকে অবহিত করা হয়েছে। মাছের খাদ্যের দাম কমানো ও ভর্তুকি মূল্যে খাদ্য সরবরাহের জন্যও সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘চাষিদের প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। চাষিদের সুযোগ-সুবিধার পরিধি বৃদ্ধি করা হলে ঠাকুরগাঁওয়ে চাহিদার তুলনায় বেশি মাছ উৎপাদন করা সম্ভব।’

রুবেল রানার মতো আরও হাজারো চাষির কাছে মাছ চাষ এখন শুধু একটি পেশা নয়, পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখার অবলম্বন। পুকুরে মাছ বড় হওয়ার সঙ্গে বড় হচ্ছে তাদের আয় ও ভবিষ্যতের প্রত্যাশাও। কিন্তু বাড়তি খরচ ও অর্থের সংকট সেই সম্ভাবনার পথকে কঠিন করে তুলছে।

সংশ্লিষ্টরা বলছেন, মানসম্মত পোনা, সহজ শর্তে ঋণ, উৎপাদন উপকরণে সহায়তা, নিয়মিত প্রশিক্ষণ এবং ন্যায্য বাজার নিশ্চিত করা গেলে ঠাকুরগাঁওয়ে মাছের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এতে জেলার মাছের ঘাটতি পূরণের পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান।

পুকুরের পানিতে তাই শুধু মাছ নয়, ভেসে আছে হাজারো পরিবারের স্বপ্ন। সেই স্বপ্নকে টেকসই করতে এখন প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ, সহজ অর্থায়ন এবং কার্যকর সরকারি পৃষ্ঠপোষকতা।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close