প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:৪৭ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের বড় অংশ ধসে পড়ায় স্থানীয়দের যোগাযোগ ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একই সঙ্গে পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীর বাজার-আমতলী থেকে বাদিয়াখালী সড়কের পুটিমারী চৌরাস্তায় প্রায় ১৫ থেকে ২০ মিটার পাকা সড়ক ধসে গেছে। এতে সড়কটির প্রস্থের অর্ধেকের বেশি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুটিমারী গ্রামের বাসিন্দা আজিজ মিয়া ও তার ছেলে সড়কের পাশে নিজস্ব জমিতে ভবন নির্মাণের ভিত্তি স্থাপনের জন্য প্রায় ১০ ফুট মাটি উত্তোলন করেন। এরপর প্রায় পাঁচ মাস আগে সড়কটিতে ধসের ঘটনা ঘটে।
ব্যস্ততম এই সড়ক দিয়ে কাজীর বাজার, কুমেদপুর বাজার, মিয়ার হাট, বাদিয়াখালী হাটসহ ফুলছড়ি ও সাঘাটা উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করেন। সড়কটি দিয়ে রিকশা, ভ্যান, পিকআপ, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এছাড়া আশপাশে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ধসে যাওয়া অংশের পাশেই রয়েছে একটি বাজার। ফলে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে সড়কটি ব্যবহার করছেন।
স্থানীয়দের অভিযোগ, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ধসে যাওয়া সড়কটি পরিদর্শন করলেও এখন পর্যন্ত সংস্কারের কাজ শুরু হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয় দোকানদার সুরুজ মিয়া বলেন, ‘প্রায় ৪/৫ মাস হলো সড়কটির প্রস্থের অর্ধেকের বেশি ধসে গেছে। প্রতিদিনই এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ধসে যাওয়া সড়কটি পরিদর্শন করা হয়েছে। সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এস পি