প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:২৭ পিএম

মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিক শাহিনকে হুমকিদাতা উত্তরবঙ্গের মাদক সম্রাট সেই সুজাসহ দুজনকে অবশেষে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)।
শনিবার রাতে মাদকবিরোধী চলমান অভিযানে এসআরবি-১৩ গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বালারছিড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৮৩২ পিস ইয়াবাসহ নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া চৌরাস্তা মোড়ের মমতাজ কসাইয়ের ছেলে সুজা (৩২) ও কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে মো. নুরুজ্জামান মিয়া (৪২)।
এসআরবি বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা করেছে।
রোববার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৩। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ওইদিন দুপুরে আটককৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পরে আটক সুজাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে স্থানীয়রা জানান।
জানা গেছে, সম্প্রতি মাদক সম্রাট সুজার মাদক কারবারের বিষয় নিয়ে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম শাহিন নিজের ফেসবুক আইডি থেকে লেখালেখি করেন। এতে ক্ষুব্ধ হন সুজা।
এরই জের ধরে বেশ কিছুদিন থেকে একাধিক মোবাইল নম্বর থেকে সাংবাদিক শাহিনকে অকথ্য ভাষায় গালাগালি ও অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন তিনি।
বিদ্যমান এ পরিস্থিতিতে গত ৩ অক্টোবর দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকায় সাংবাদিক শাহিনকে প্রাণনাশের হুমকি ও মাদক কারবার সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে পড়লে তা গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে সুজাকে ধরতে বেশ তৎপর হয়ে ওঠেন তারা।
এদিকে মাদক কারবারি সুজাকে আটকের ঘটনাটি জানাজানি হলে ওই এলাকার সর্বস্তরের মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এছাড়া অনেকেই আনন্দ-উল্লাসও করছেন বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ