প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম

চলচ্চিত্রপ্রেমীদের উন্মাদনা বাড়িয়ে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত সিনেমাটিতে এবার নতুন কিছু দৃশ্য যোগ করা হবে বলে জানিয়েছে মার্কিন বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি। তবে পুনঃমুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেনি নির্মাতা প্রতিষ্ঠান।
গত ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে সাড়া ফেলে সিনেমাটি। এর মোট আয় দাঁড়িয়েছে ২ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলার। এ আয় দিয়ে ২০০৯ সালের ‘অ্যাভাটার’ এবং ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের জায়গা করে নিয়েছে সিনেমাটি। পেছনে ফেলেছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ও ‘টাইটানিক’-এর মতো ব্লকবাস্টার সিনেমাকেও।
মার্ভেল ও সনি প্রযোজিত সিনেমাটির সামনে এখন আরও একটি বড় মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে। উত্তর আমেরিকার ঘরোয়া বক্স অফিসে প্রথম কোনো সিনেমা হিসেবে ১ বিলিয়ন মার্কিন ডলার আয়ের রেকর্ড গড়তে পারে এটি। ভ্যারাইটির তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকায় সিনেমাটির বর্তমান আয় ৯৫০ দশমিক ৬ মিলিয়ন ডলার। ফলে পুনঃমুক্তির মাধ্যমে সেই কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় পিটার পারকারের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। একটি জাদুকরী মন্ত্রের প্রভাবে বন্ধু ও পরিবারের সদস্যরা তাকে ভুলে যাওয়ার পর পিটার কীভাবে নিজের জীবন নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন, সেটিই সিনেমাটির মূল কাহিনি।
টম হল্যান্ডের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন জেন্ডায়া, স্যাডি সিঙ্ক, জন বার্নথাল, জ্যাকব বাটালন, মার্ক রাফালো, ট্রামেল টিলম্যান ও ফ্লোরেন্স পুঘ। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স।
স্বদেশ প্রতিদিন/এস পি