প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম আপডেট: ২৮.০৯.২০২৬ ৪:২০ PM

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ২১ হাজার ৩০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সিলেট বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৮ জনের মৃত্যু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি