শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক      ● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      
জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ১৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়। সেখান থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে। প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরাও রয়েছেন।

প্রধানমন্ত্রীর ফ্লাইটটি শনিবার রাত ৮টার দিকে দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। ২৪ সেপ্টেম্বরের ওই ভাষণে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন তিনি। সংঘাত নিরসনে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই সংকটের সমাধান। এ জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহযোগিতা চান তিনি।

সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানসহ বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-তুরস্কের অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও গভীর করা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জনশক্তি এবং উন্নয়ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, জনস্বাস্থ্য, শিশুসেবা, টিকাদান, জলবায়ু, অর্থনৈতিক অংশীদারত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয় উঠে আসে।

সফরে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ‘জাস্ট ট্রানজিশন’ নিয়ে আয়োজিত বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকেও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পূর্বানুমেয় অর্থায়ন, জলবায়ু-সহনশীল প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক কার্বন নিঃসরণ কমাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তিনি।

বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে সফরকালে বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর হয়। এ উদ্যোগের মাধ্যমে দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণ এবং নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি ছিল বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। জাতিসংঘ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি ও চারটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টেও অংশ নেন তিনি। সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা মিলিয়ে প্রায় ৮০টি আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

সফরের শেষ দিনে ম্যানহাটনে জেপিমরগানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও বিভিন্ন অর্থনৈতিক খাত নিয়ে আলোচনা হয়। পরে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি।

পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী এখন ঢাকার পথে রয়েছেন। সফরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণের পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   প্রধানমন্ত্রী   জাতিসংঘ   ইউএনজিএ ৮১   নিউইয়র্ক সফর   জাতিসংঘ সফর   বাংলাদেশের পররাষ্ট্রনীতি   রোহিঙ্গা সংকট   কূটনীতি   আন্তর্জাতিক সম্পর্ক   বাণিজ্য   বিনিয়োগ   জলবায়ু পরিবর্তন   বাংলাদে�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close