প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান জানান, চাঁদাবাজির অভিযোগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার হিসেবে কর্মরত মো. রফিকুল ইসলামের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ফয়সাল। এ সময় ওই পয়েন্টে কর্মরতদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে রফিকুলকে ভয়ভীতি দেখানো এবং হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে বিভিন্ন সময় ফোন করেও চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ আগস্ট সকাল সোয়া ১১টার দিকে ফয়সাল ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন। সেখানে কর্মীদের কাছে আবারও এককালীন ২০ লাখ টাকা ও মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কর্মীদের সঙ্গে মারমুখী আচরণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে চাঁদা না দিলে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না এবং থানায় অভিযোগ বা মামলা করলে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
গ্রেপ্তার সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের বাগপাড়া এলাকার শরিফুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় অবৈধ ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, চাঁদাবাজির মামলায় ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ