প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের নতুন ভাড়া নির্ধারণে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। জ্বালানির নতুন দরের সঙ্গে সমন্বয় করে গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি বৈঠকে আলোচিত হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিআরটিএর বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাস মালিক-শ্রমিকসহ পরিবহণ খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।
বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, তা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিতে পারে।
সংগঠনটির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, জ্বালানির দাম বাড়লে ভাড়া কীভাবে সমন্বয় করা হবে, সে বিষয়ে আগের একটি প্রস্তাবনা রয়েছে। পাশাপাশি পরিবহণ মালিকদের কিছু দাবিও বৈঠকে তুলে ধরা হবে।
এর আগে রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য রোববার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহণ ব্যয় বৃদ্ধির সম্ভাবনার মধ্যে বাস ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ