প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তীব্র প্রতিযোগিতা থাকলেও জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলায় পারস্পরিক যোগাযোগের নতুন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও চীন। নিউইয়র্কে দুই দেশের কর্মকর্তাদের বৈঠকে এআই-সংক্রান্ত গুরুতর ঘটনার তথ্য আদান-প্রদানের জন্য একটি ‘নোটিফিকেশন মেকানিজম’ তৈরির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে প্রায় আট ঘণ্টার বৈঠকের পর এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার পর্যায়ে পৌঁছাতে পারে এমন এআই-সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে দুই দেশের মধ্যে তা জানানোর একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে দুই পক্ষ।
এই উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্র-চীন ‘এআই ডায়ালগ’ চালুর বিষয়েও আলোচনা হয়েছে। সম্ভাব্য অভিন্ন ঝুঁকি ও নিরাপত্তা উদ্বেগ নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগের কাঠামো তৈরি করাই এর অন্যতম লক্ষ্য। তবে কী ধরনের ঘটনায় কীভাবে এবং কত দ্রুত তথ্য জানানো হবে, সে বিষয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ চুক্তি হয়নি।
বিশ্বের দুই প্রধান অর্থনীতি বর্তমানে উন্নত এআই মডেল, সেমিকন্ডাক্টর, কম্পিউটিং সক্ষমতা ও প্রযুক্তিগত অবকাঠামো নিয়ে প্রতিযোগিতায় রয়েছে। একই সময়ে এআইয়ের সম্ভাব্য অপব্যবহার, সাইবার হামলা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগও বাড়ছে।
বৈঠকে এআইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়। তুলনামূলকভাবে কম সংবেদনশীল পণ্যে শুল্ক কমানোর সম্ভাবনা যাচাইয়ে ‘বোর্ড অব ট্রেড’ প্রক্রিয়া কার্যকর করার বিষয়ে দুই পক্ষ কাজ করছে। সম্ভাব্য পণ্যের তালিকায় ভোক্তাপণ্য, কৃষিপণ্য, জ্বালানি ও কিছু চিকিৎসা সরঞ্জাম রয়েছে।
নিউইয়র্কের এই আলোচনা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠকের আগে। ফলে এআই নিরাপত্তা ও বাণিজ্য—দুই ক্ষেত্রেই ওয়াশিংটন ও বেইজিংয়ের পরবর্তী আলোচনার জন্য একটি কাঠামো তৈরির চেষ্টা চলছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ