
বর্তমান সময়ের তরুণ সংগীতশিল্পী আহমেদ জাকি। ২০২১ সালের নভেম্বরে তিনি প্রতিষ্ঠা করেন ব্যান্ডদল ‘ব্লু টাচ বাংলাদেশ’। পরের বছর এপ্রিলে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম গান ‘মায়াবী’। প্রথম গান দিয়েই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয় দলটি।
‘মায়াবী’ প্রকাশের পর গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে গানটির জনপ্রিয়তার তুলনায় আহমেদ জাকিকে অনেক শ্রোতা এখনও ব্যক্তিগতভাবে খুব বেশি চেনেন না। বিষয়টি নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন তিনি।
আহমেদ জাকি বলেন, তিনি নিজেকে কখনো সেভাবে উপস্থাপন করেননি। তবে তার কোনো সৃষ্টি মানুষ ভালোবেসেছে—এটাই তার কাছে বিশেষ অনুভূতির বিষয়। শ্রোতাদের ভালোবাসাকে তিনি জীবনের অন্যতম সুন্দর অনুভূতি হিসেবে দেখেন।
কে সেই ‘মায়াবী’?
‘মায়াবী’ গানটি কাকে ভেবে লেখা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে আহমেদ জাকি জানান, গানটির পেছনে নির্দিষ্ট কোনো বাস্তব মানুষ নেই। বরং কল্পনার একটি চরিত্রকে কেন্দ্র করেই গানটি লেখা।
তার ভাষায়, মানুষের একটি বিশেষ ক্ষমতা হলো কল্পনা করার ক্ষমতা। মানুষ চাইলে কল্পনার মাধ্যমে নিজেকে সম্পূর্ণ ভিন্ন কোনো চরিত্রের জায়গায় ভাবতে পারে। ‘মায়াবী’ গানটিও তেমনই একটি কাল্পনিক চরিত্রকে চিন্তা করে লেখা হয়েছে।
ফলে শ্রোতারা গানটির ‘মায়াবী’ চরিত্রকে নিজেদের মতো করে কল্পনা করার সুযোগ পান। বাস্তব কোনো ব্যক্তিকে ঘিরে লেখা না হওয়ায় গানটির অনুভূতিও শ্রোতাভেদে ভিন্নভাবে ধরা দিতে পারে।
আসছে দ্বিতীয় অ্যালবাম ‘অমীমাংসিত’
‘মায়াবী’র পর এবার দ্বিতীয় অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন আহমেদ জাকি ও তার ব্যান্ড। ইতোমধ্যে অ্যালবামের কাজ অনেকটাই এগিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আরও প্রায় এক মাসের মধ্যে কাজ শেষ হতে পারে।
দ্বিতীয় অ্যালবামের নাম রাখা হয়েছে ‘অমীমাংসিত’। এতে মোট ৬টি গান থাকবে।
নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের আগ্রহের বিষয়ে আহমেদ জাকি সরাসরি কিছু না বললেও তার পরিকল্পনা স্পষ্ট—গান করে যাওয়া, নিজের ভাবনাগুলো গানের মাধ্যমে প্রকাশ করা এবং সেই ভাবনা মানুষের কাছে পৌঁছে দেওয়া।
সংগীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা
সংগীতজীবন নিয়ে আহমেদ জাকির পরিকল্পনা খুব বেশি জটিল নয়। তিনি নিয়মিত গান করতে চান এবং নিজের ভাবনাগুলো সংগীতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চান।
‘মায়াবী’র মাধ্যমে যে পরিচিতি ও শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন, সেই ধারাবাহিকতা ধরে রেখে সামনে আরও নতুন গান উপহার দেওয়াই তার লক্ষ্য।
নতুন জীবনের নতুন অনুভূতি
এ বছরই বিয়ে করেছেন আহমেদ জাকি। জীবনের নতুন অধ্যায় কেমন কাটছে—জানতে চাইলে তিনি জানান, নতুন অধ্যায় মানেই নতুন অনুভূতি।
তার মতে, জীবনে সঠিক মানুষকে পাওয়া একটি ঐশ্বরিক ব্যাপার। সেই অনুভূতিই তিনি উপভোগ করছেন। সব মিলিয়ে বেশ স্নিগ্ধতার মধ্য দিয়ে নতুন জীবন কাটছে বলে জানান এই সংগীতশিল্পী।
স্বদেশ প্রতিদিন/এস পি