প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম

ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও বিভিন্ন খনিজে সমৃদ্ধ চিয়া সিড স্বাস্থ্যকর খাদ্যতালিকায় বেশ জনপ্রিয়। তবে শুধু চিয়া সিড খেলেই হবে না, এটি কীভাবে খাওয়া হচ্ছে তার ওপরও পুষ্টি গ্রহণের বিষয়টি নির্ভর করতে পারে। সম্প্রতি ভারতের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে চিয়া সিড খাওয়ার কয়েকটি পদ্ধতি তুলে ধরেছেন।
তার পরামর্শ অনুযায়ী, দইয়ের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খাওয়া অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো একটি পদ্ধতি। তিনি এই সংমিশ্রণকে ১০-এর মধ্যে ১০ দিয়েছেন। চিয়া সিড থেকে ফাইবার এবং দই থেকে প্রোটিন ও উপকারী ব্যাকটেরিয়া পাওয়ার সুযোগ থাকে।
গ্রিক ইয়োগার্টের সঙ্গে গুঁড়ো চিয়া সিড মিশিয়েও খাওয়া যেতে পারে। এই পদ্ধতিকেও ১০/১০ দিয়েছেন তিনি। চিয়া সিড গুঁড়ো করলে এর ভেতরের ওমেগা-৩ ফ্যাট শরীরের জন্য সহজে গ্রহণযোগ্য হতে পারে বলে তার বক্তব্য।
ওটসের সঙ্গে চিয়া সিড
ওটসের সঙ্গে চিয়া সিড মিশিয়ে তৈরি চিয়া ওটমিলকে ৯/১০ রেটিং দিয়েছেন ডা. সৌরভ শেঠি। এতে খাবারের ফাইবারের পরিমাণ বাড়ে এবং এটি হৃদ্যন্ত্রের জন্যও উপকারী খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।
অন্যদিকে গরুর দুধ বা উদ্ভিজ্জ দুধে সারারাত চিয়া সিড ভিজিয়ে পুডিং তৈরি করে খাওয়াকে ৮/১০ দিয়েছেন তিনি। একই রেটিং পেয়েছে ফল, দুধ ও চিয়া সিড দিয়ে তৈরি স্মুদি। এসব খাবার থেকে ফাইবার ও প্রোটিন পাওয়া যেতে পারে।
সহজ পদ্ধতি চিয়া ওয়াটার
এক গ্লাস পানিতে সারারাত চিয়া সিড ভিজিয়ে রেখে সকালে পান করার পদ্ধতিটিও বেশ সহজ। এই ‘ওভারনাইট চিয়া ওয়াটার’কে ৭/১০ রেটিং দিয়েছেন বিশেষজ্ঞ। ব্যস্ত সময়ে চিয়া সিড খাদ্যতালিকায় রাখার জন্য এটি সহজ একটি উপায় হতে পারে।
শুকনো চিয়া সিড খাওয়া নিয়ে সতর্কতা
শুকনো চিয়া সিড সরাসরি চামচ দিয়ে খাওয়ার বিষয়ে সতর্ক করেছেন ডা. সৌরভ শেঠি। তিনি এ পদ্ধতিকে মাত্র ২/১০ রেটিং দিয়েছেন।
চিয়া সিড তরল শোষণ করে দ্রুত ফুলে উঠতে পারে। তাই শুকনো অবস্থায় সরাসরি না খেয়ে পর্যাপ্ত তরলে ভিজিয়ে বা উপযুক্তভাবে প্রস্তুত করে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
তবে খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনার আগে ব্যক্তির শারীরিক অবস্থা ও খাদ্যসহনশীলতা বিবেচনা করা জরুরি। বিশেষ করে হজম বা গিলতে সমস্যা থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।
স্বদেশ প্রতিদিন/এফএইচ