
সরকারি মালিকানাধীন যেসব কোম্পানির কর্মীরা প্রচলিত সরকারি পেনশন সুবিধার আওতায় নেই, তাদের সর্বজনীন পেনশন কর্মসূচির ‘প্রগতি’ স্কিমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
একই সঙ্গে সর্বজনীন পেনশন কর্মসূচিতে ইসলামিক পেনশন ব্যবস্থা চালু, পেনশনভোগীর মৃত্যুর পর নমিনির সুবিধা পাওয়ার বয়সসীমা ৮০ বছর করা এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।
তিনি বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির যেসব কর্মী সরাসরি সরকারি পেনশন ব্যবস্থার অন্তর্ভুক্ত নন, তাদের ‘প্রগতি’ স্কিমে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মীর অবসর-সুবিধা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাকরিবিধি ও নিজস্ব ব্যবস্থার ওপর নির্ভর করে।
কোন কোন সরকারি কোম্পানি বা প্রতিষ্ঠানের কর্মীরা এ সুবিধার আওতায় আসবেন এবং কীভাবে তা বাস্তবায়ন করা হবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মুনাফা বাড়িয়ে ১১.৭২ শতাংশ
২০২৫-২৬ অর্থবছরের জন্য সর্বজনীন পেনশন তহবিলে ১১.৬৮ শতাংশ থেকে ১১.৭২ শতাংশ মুনাফা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ ১১.৬১ শতাংশ মুনাফা দেওয়া হয়েছিল।
ড. সুরাতুজ্জামান জানান, পেনশন তহবিলের বিনিয়োগ, আয় ও ব্যয়ের হিসাব বিবেচনা করেই মুনাফার হার নির্ধারণ করা হয়েছে।
চালু হচ্ছে ইসলামিক পেনশন ব্যবস্থা
সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় ইসলামিক পেনশন ব্যবস্থা চালুর প্রস্তাবও অনুমোদন করেছে পর্ষদ। এ বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকসহ স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান কাজ করছে।
ইসলামিক পেনশন ব্যবস্থার জন্য পৃথক বিধিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান।
৫৫ বছর বয়সে পেনশন নিয়ে পর্যালোচনা
৫৫ বছর বয়স থেকে পেনশন দেওয়ার একটি প্রস্তাবও পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে একচুরিয়াল পরামর্শ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ড. সুরাতুজ্জামান বলেন, অন্যান্য দেশের অবসর ও পেনশন ব্যবস্থা এবং বাংলাদেশের মানুষের বাড়তে থাকা গড় আয়ু বিবেচনায় নেওয়া হচ্ছে। ফলে ৫৫ বছর বয়স থেকে পেনশন দেওয়ার প্রস্তাবটি আর্থিক ও জনমিতিক বাস্তবতার আলোকে পর্যালোচনা করা হবে।
নমিনির সুবিধার বয়সসীমা ৮০ বছর
পেনশনভোগী মারা গেলে তার নমিনি যাতে দীর্ঘ সময় পেনশন সুবিধা পান, সে জন্য বয়সসীমা ৭৫ বছর থেকে বাড়িয়ে ৮০ বছর করার সিদ্ধান্ত হয়েছে।
নির্বাহী চেয়ারম্যান জানান, পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পেনশনভোগীর ৮০ বছর বয়স পর্যন্ত এ সুবিধা পাবেন।
পাঁচ বছর পর টাকা তুলে নেওয়ার প্রস্তাব পর্যালোচনায়
পেনশন কর্মসূচিতে অন্তর্ভুক্তির পাঁচ বছর পর অংশগ্রহণকারী তার জমা করা পুরো অর্থ তুলে নিয়ে কর্মসূচি থেকে বের হতে পারবেন—এমন একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবটি আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
পেনশন তহবিল থেকে অংশগ্রহণকারীদের ঋণ দেওয়ার প্রস্তাবও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। ঋণ দেওয়া হলে অংশগ্রহণকারীরা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, তা বিবেচনা করা হবে। ঋণের সুদের হারও একচুরিয়াল পরামর্শের ভিত্তিতে নির্ধারণের কথা রয়েছে।
স্বাস্থ্যবীমা নিয়েও ভাবনা
সর্বজনীন পেনশন কর্মসূচির সঙ্গে স্বাস্থ্যবীমা চালুর বিষয়টিও পর্যালোচনা করা হবে। কোন মডেলে এটি চালু করা যায় এবং এতে পেনশন তহবিলের ওপর কী ধরনের আর্থিক প্রভাব বা ঝুঁকি তৈরি হতে পারে, তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে পেনশন সুবিধা দেওয়ার বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। পেনশন তহবিলের আকার আরও বড় হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন নির্বাহী চেয়ারম্যান।
বিদেশগামীদের পেনশন কর্মসূচিতে যুক্ত করার উদ্যোগ
প্রবাসীদের সর্বজনীন পেনশন কর্মসূচিতে অংশগ্রহণ বাড়াতে বিদেশে যাওয়ার সময়ই তাদের এ কর্মসূচি সম্পর্কে জানানো হবে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করবে।
পেনশন কর্মসূচিতে অংশগ্রহণ বাড়াতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিগুলোর অন্তর্ভুক্তির এককালীন ফি ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার সিদ্ধান্তও হয়েছে।
এ ছাড়া পেনশন তহবিল বেসরকারি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্মের মাধ্যমে অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ