
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলে অল্প সময়ের ব্যবধানে একের পর এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত দুই মাসে একই বৃহত্তর এলাকায় নবম এক নারীর মরদেহ উদ্ধারের পর এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে জোহানেসবার্গের ডন পার্ক এলাকার একটি রাস্তার পাশে চাদরে মোড়ানো ও অর্ধনগ্ন অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর বয়স ৩০-এর কোঠায় হতে পারে। তাঁর শরীরে আঘাত ও ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এর আগে জুলাই থেকে বৃহত্তর একুরহুলেনি এলাকায় বিভিন্ন স্থান থেকে আরও আট নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং কেউ কেউ আংশিক পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। তবে এসব ঘটনার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক আছে কি না কিংবা এর পেছনে কোনো ধারাবাহিক হত্যাকারী জড়িত কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
যেসব মরদেহ উদ্ধার হয়েছে
নিহতদের মধ্যে ৩৮ বছর বয়সী এলিজাবেথ ‘সোনসো’ মোসেলাকগোমো রয়েছেন। গত সপ্তাহে বিকেলে দৌড়াতে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। তিন দিন পর কেম্পটন পার্কের একটি হোটেলের পেছন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ছাড়া জুলাই থেকে নিখোঁজ থাকা ইতুমেলং কেকানার সন্ধানও এখনো মেলেনি। ৩৮ বছর বয়সী ডিনিও এভলিন মোতাপানের মরদেহ মঙ্গলবার কোয়াথেমার একটি রাস্তার পাশে পাওয়া যায়।
প্রথম মরদেহটি উদ্ধার করা হয় ১৫ জুলাই কেম্পটন পার্কে। ওই ঘটনার দুই দিন পর একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তবে তাঁর সঙ্গে পরবর্তী ঘটনাগুলোর কোনো যোগসূত্র এখনো পাওয়া যায়নি।
আগস্ট ও সেপ্টেম্বরেও কেম্পটন পার্ক, অলিফ্যান্টসফনটেইন, ক্লেভিল ও কোয়াথেমাসহ বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিশেষ তদন্ত দল গঠন
ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খুঁজে বের করতে গোয়েন্দা, ফরেনসিক বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে পুলিশ।
একই সঙ্গে তদন্তের স্বার্থে একজন ‘পার্সন অব ইন্টারেস্ট’-এর সন্ধান করা হচ্ছে। তবে ওই ব্যক্তি কোন ঘটনা বা মামলার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, নারীদের বিরুদ্ধে সাম্প্রতিক গুরুতর ও সহিংস অপরাধের ঘটনাগুলো গভীর উদ্বেগের বিষয়। তবে এখনই এসব ঘটনাকে একই ধরনের অপরাধ বা কোনো সিরিয়াল কিলারের কর্মকাণ্ড হিসেবে নিশ্চিত করা হয়নি।
নারীদের সতর্ক থাকার পরামর্শ
নারীদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। একা চলাচল ও নির্জন পথ এড়িয়ে চলা, অপরিচিত ব্যক্তি ও সন্দেহজনক যানবাহনের বিষয়ে সতর্ক থাকা এবং নিজের অবস্থান বা ভ্রমণ পরিকল্পনা বিশ্বস্ত ব্যক্তিকে জানিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া হাঁটার সময় উচ্চ শব্দে ইয়ারফোন বা ইয়ারবাড ব্যবহার না করারও পরামর্শ দিয়েছে পুলিশ।
অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৪ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড, যা প্রায় ২৪ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ, পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিখোঁজ স্বজন রয়েছে এমন পরিবারগুলোকে উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তকরণে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
‘জল্পনা না করার’ আহ্বান
ভারপ্রাপ্ত পুলিশমন্ত্রী ফিরোজ কাচালিয়া ঘটনাগুলো নিয়ে আগেভাগে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষ্য, তদন্তকারীরা বর্তমানে এমন কয়েকটি ঘটনা নিয়ে কাজ করছেন, যেগুলো প্রাথমিকভাবে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র বলে মনে হচ্ছে।
তবে একই ব্যক্তি বা কোনো একটি গোষ্ঠী এসব ঘটনার পেছনে রয়েছে কি না, সেটিও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় নারীদের বিরুদ্ধে সহিংসতার উচ্চহার নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, দেশটিতে নারীদের হত্যার হার বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। গত নভেম্বরে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের পর সরকার নারীদের বিরুদ্ধে সহিংসতাকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেছিল।
স্বদেশ প্রতিদিন/এফএইচ