প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম

২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি দেশের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে ওই দিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।
এ কারণে শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ফলে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ২৪ সেপ্টেম্বর থেকে নিয়মিত ক্লাসে অংশ নেবে।
স্বদেশ প্রতিদিন/এস পি