প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম

ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পক্ষে মত দিয়েছে বিএনপি। দলটির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ না হলেও চলতি বছরের শেষ দিকে প্রথম ধাপের ভোট শুরু করে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন শেষ করার পক্ষে মত দিয়েছেন দলের অধিকাংশ সদস্য।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় তফসিল ঘোষণার আগে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাব্য তারিখ জানিয়েছিল। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করেই এ সময়সূচি দেওয়া হয়েছে—এমন বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এরপর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের অবস্থানের পার্থক্য প্রকাশ্যে আসে।
বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, পাঁচ ধাপে নির্বাচন হলে প্রতিটি ধাপের জন্য দলীয় সাংগঠনিক প্রস্তুতি, প্রার্থী বাছাই এবং মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ থাকবে। ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর তিন দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। সেখানে স্থানীয় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দলগুলোর মতামত নেওয়া হবে। বিএনপির পাঁচ ধাপে নির্বাচনের প্রস্তাবও ওই আলোচনায় তুলে ধরার কথা রয়েছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান বলেছেন, সংবিধান ও সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের প্রতিনিধিরাই নির্বাচিত হবেন।
স্বদেশ প্রতিদিন/এস পি