প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম

বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা, স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, রোগ প্রতিরোধ এবং মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনস্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ডব্লিউএইচওর অব্যাহত সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করেন হুমায়ুন কবির।
তিনি বলেন, স্বাস্থ্য খাতের নির্ধারিত লক্ষ্য অর্জনের পাশাপাশি এসডিজি বাস্তবায়নের গতি বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে কার্যকর বহুপক্ষীয় অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে ডব্লিউএইচওর বাংলাদেশ প্রতিনিধি দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধি, রোগ পর্যবেক্ষণ এবং জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিসহ সংস্থাটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বাংলাদেশ ও ডব্লিউএইচওর মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার ব্যাপারেও তারা একমত হয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ