প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা ভবনের লিফটের বাইরের কাভারিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত আগের তদন্ত কমিটি বাতিল করে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ছয় সদস্যের নতুন এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
হাসপাতালের লিফট ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে গণপূর্ত অধিদপ্তর। এর আগে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে লিফট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের দুই প্রকৌশলীকে সদস্য করা হয়েছিল। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে উদ্ভূত পরিস্থিতিতে আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিকেও তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস ও উপবিভাগীয় প্রকৌশলী মো. মাজেদুর রহমানকে সদস্য করা হয়েছিল।
লিফট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দপ্তরের প্রকৌশলীদের অগ্নিকাণ্ডের তদন্ত কমিটিতে রাখায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। পরে আগের কমিটি বাতিল করে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়।
নতুন তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খানকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।
কমিটিতে আরও দুজন চিকিৎসক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (দক্ষিণ) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন সহকারী পরিচালককে সদস্য করা হয়েছে।
নতুন তদন্ত কমিটিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, ঘটনায় কারও গাফিলতি থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ করা, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণ এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বলা হয়েছে। এর পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও তদন্তের আওতায় থাকবে।
আগের কমিটি বাতিলের বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, যেহেতু হাসপাতালের লিফট ব্যবস্থাপনার দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের ওপর রয়েছে, তাই তাদের বাদ দিয়ে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, ছয় সদস্যের নতুন কমিটির কার্যক্রম বুধবার থেকেই শুরু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি