প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, বিনিয়োগ এবং জ্বালানি খাত নিয়ে আলোচনা হয়।
সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে জার্মান প্রতিনিধিদল বাংলাদেশের জ্বালানি সক্ষমতা বাড়াতে উপকূলীয় এলাকায় তেল ও গ্যাসের কূপ অনুসন্ধানে গুরুত্বারোপ করে। পাশাপাশি অর্থনৈতিক বিনিয়োগ বাড়ানো এবং সার কারখানা স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাস নিয়েও আলোচনা হয়। স্পিকার বাংলাদেশের স্বাধীনতা, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।
জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতামত দেন এবং দেশটির গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করতে জার্মান সরকারের সহযোগিতার কথা জানান।
আলোচনায় দুই দেশের মধ্যে সংসদীয় কমিটি গঠন এবং মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতি আরও জোরদারের বিষয়ও উঠে আসে। একই সঙ্গে বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় তেল-গ্যাস সম্পদের অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদের সহযোগিতা চেয়েছেন স্পিকার। তিনি বলেন, ভবিষ্যৎ অর্থনীতির জন্য জ্বালানি খাত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগাতে আগ্রহী।
সাক্ষাতে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি