
সূর্যের আলো ছাড়া অধিকাংশ উদ্ভিদের বেঁচে থাকা কঠিন। কারণ সালোকসংশ্লেষণের মাধ্যমে সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে। তবে প্রকৃতিতে এর ব্যতিক্রমও রয়েছে। এমনই এক অদ্ভুত উদ্ভিদ হলো থিসমিয়া ডেমোনা, যা ‘ডেভিল ফ্লাওয়ার’ নামেও পরিচিত।
থাইল্যান্ডের থং ফা ফুম ন্যাশনাল পার্কের ছায়াঘেরা একটি স্থানে এই ক্ষুদ্র উদ্ভিদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। চুলালংকর্ন ইউনিভার্সিটি ও প্রিন্স অব সংক্লা ইউনিভার্সিটির গবেষকেরা গত বছরের মে মাসে উদ্ভিদটির সন্ধান পান।
নেই ক্লোরোফিল, তাই নেই সালোকসংশ্লেষণ
ডেভিল ফ্লাওয়ারের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো, সাধারণ সবুজ উদ্ভিদের মতো এতে ক্লোরোফিল নেই। ফলে সূর্যের আলো ব্যবহার করে সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য তৈরি করতে পারে না উদ্ভিদটি।
বেঁচে থাকার জন্য এটি নির্ভর করে মাটির নিচে থাকা ছত্রাকের ওপর। মাইকোহেটারোট্রফি নামের একটি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদটি মাটির নিচের ছত্রাকের সঙ্গে সংযুক্ত থেকে কার্বন ও প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে।
অর্থাৎ সূর্যের আলো থেকে সরাসরি খাদ্য তৈরির পরিবর্তে ডেভিল ফ্লাওয়ারের জীবনযাত্রা অনেকটাই নির্ভরশীল মাটির নিচের ছত্রাকের জগতের ওপর।
বছরের বেশির ভাগ সময় মাটির নিচে
এই উদ্ভিদ বছরের বেশির ভাগ সময় পাতার স্তূপের নিচে লুকিয়ে থাকে। তবে ফুল ও ফল উৎপাদনের সময় অল্প সময়ের জন্য মাটির ওপরে উঠে আসে। তখনই এর অদ্ভুত আকৃতির ফুলের দেখা মেলে।
ফুলটির মাথায় তিনটি লম্বা শিংয়ের মতো অংশ রয়েছে। লালচে-কমলা অংশগুলো দেখতে অনেকটা জ্বলন্ত চোখের মতো হওয়ায় উদ্ভিদটির নাম দেওয়া হয়েছে ‘ডেভিল ফ্লাওয়ার’। এটি ‘ফেইরি ল্যান্টার্ন’ বা ‘পরির লণ্ঠন’ নামেও পরিচিত।
পাহাড়ি বনেও মিলেছে উদ্ভিদটির সন্ধান
বিজ্ঞানীরা জানান, থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলের পাহাড়ি বনাঞ্চলে উদ্ভিদটির সন্ধান পাওয়া গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯৩০ থেকে ৯৭০ মিটার উচ্চতায় এটি জন্মে।
সাধারণত আর্দ্র রেইনফরেস্টে এই ধরনের উদ্ভিদ পাওয়া গেলেও পাহাড়ি অঞ্চলে ডেভিল ফ্লাওয়ারের উপস্থিতি গবেষকদের বিস্মিত করেছে।
প্রিন্স অব সংক্লা ইউনিভার্সিটির উদ্ভিদবিদ সাহুত চান্তানওররাপিন্ট জানান, উদ্ভিদটির আবিষ্কার ছিল বড় ধরনের বিস্ময়। ফুলসহ এর উচ্চতা প্রায় সাড়ে ১২ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এর শিকড় লোমশ এবং প্রবালের মতো দেখতে।
কালো ফুলের ভেতরে নীল পুংকেশর
ডেভিল ফ্লাওয়ারের ফুলের রং প্রায় কালো। ফুলের ভেতরে রয়েছে আধা-স্বচ্ছ নীল পুংকেশর, যা উদ্ভিদটির চেহারাকে আরও অস্বাভাবিক করে তুলেছে।
গবেষকদের মতে, সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকার এই কৌশল প্রকৃতিতে উদ্ভিদের অভিযোজনের এক অসাধারণ উদাহরণ। বিশ্বজুড়ে এ ধরনের প্রায় ১২০টি প্রজাতি রয়ে
স্বদেশ প্রতিদিন/এস পি