প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কাছে পাওয়া ঐতিহাসিক পরাজয়ের কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতিকে দায়ী করছেন না অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তার মতে, বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে, আর অস্ট্রেলিয়া নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারেনি।
ডারউইনে কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। সেই পরাজয় এখনো অস্ট্রেলিয়ার ক্রিকেটে আলোচনার বিষয়। এবার ‘কিপিন ইট ক্রিকেট’ পডকাস্টে অংশ নিয়ে ওই ম্যাচ নিয়ে নিজের মূল্যায়ন জানিয়েছেন কামিন্স।
অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল কি না—এমন প্রশ্নের জবাবে কামিন্স জানান, অ্যাশেজ কিংবা বাংলাদেশের বিপক্ষে সিরিজ—দুই ক্ষেত্রেই তাদের প্রস্তুতির ধরন একই ছিল। সিরিজ শুরুর আগে দলের সবাই ফিট ও ভালো অবস্থায় ছিল বলেও উল্লেখ করেন তিনি।
কামিন্সের ভাষ্য, ম্যাচটিতে অস্ট্রেলিয়া নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। তবে বাংলাদেশের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি। তার মতে, বাংলাদেশ এমনভাবে খেলেছে যে অস্ট্রেলিয়াকে ম্যাচে নিজেদের জায়গা তৈরি করার সুযোগই দেয়নি।
৩৩ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, প্রস্তুতির অভাবকে হারের কারণ হিসেবে দেখার সুযোগ নেই। বরং মাঠে নিজেদের পারফরম্যান্সই প্রত্যাশা অনুযায়ী হয়নি।
এদিকে অস্ট্রেলিয়ার টেস্ট দলের সামনে এখন দক্ষিণ আফ্রিকা সফর। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কামিন্সের দল।
২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারির পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তাই সিরিজে কিছুটা বাড়তি উত্তেজনা বা বৈরিতা থাকতে পারে বলে মনে করছেন কামিন্স। তবে তার মতে, সেই উত্তাপও অ্যাশেজের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা নেই।
স্বদেশ প্রতিদিন/এফএইচ