বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৫ পিএম

বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি নিয়োগ, প্রশাসন, অর্থায়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনাসহ বিচারিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রগুলোতে প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার ওপর অত্যন্ত জোরালো গুরুত্বারোপ করেছেন সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে আইন অনুষদ আয়োজিত এক অনুষ্ঠানে ‘Beyond Judicial Independence: Constitutional Identity and the Quest for Institutional Autonomy in Bangladesh’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং সভাপতিত্ব করেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।
সাবেক প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, কেবল মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বাহ্যিক হস্তক্ষেপমুক্ত থাকলেই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয় না। বিচার বিভাগের স্বাধীনতা একটি সাংবিধানিক অঙ্গীকার হলেও, একে টেকসই ও দীর্ঘস্থায়ী করতে হলে প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন কাঠামো অপরিহার্য। জুলাই-আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি জানান, এই পরিবর্তন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করার সুযোগ তৈরি করেছে। টেকসই সাংবিধানিক ব্যবস্থা গড়ে তুলতে হলে ব্যক্তিনির্ভরতার পরিবর্তে শক্তিশালী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তৈরির তাগিদ দিয়ে তিনি স্বচ্ছ নিয়োগব্যবস্থা, আর্থিক ও প্রশাসনিক সক্ষমতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি