প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম

নতুন এক শ্রেণির রহস্যময় মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরির তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করা এসব বস্তু থেকে অস্বাভাবিক মাত্রার কম শক্তির এক্স-রে এবং তীব্র অতিবেগুনি রশ্মি নির্গত হচ্ছে।
বুধবার ‘নেচার অ্যাস্ট্রোনমি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় এ আবিষ্কারের তথ্য তুলে ধরা হয়েছে। চন্দ্র টেলিস্কোপের পুরোনো তথ্য পর্যালোচনা করে বিজ্ঞানীরা ছয়টি ভিন্ন ছায়াপথে এমন ৮৪টি বস্তুর সন্ধান পেয়েছেন।
গবেষকেরা এসব বস্তুকে ‘হাইপারসফট এক্স-রে সোর্স’ হিসেবে চিহ্নিত করছেন। আবিষ্কৃত বস্তুগুলোর মধ্যে অ্যান্ড্রোমিডা ও পিনহুইল নামে দুটি সর্পিল ছায়াপথ রয়েছে। অন্য চারটি ছায়াপথ উপবৃত্তাকার ধরনের।
এসব মহাজাগতিক বস্তু নতুন নক্ষত্র তৈরির অঞ্চল এবং পুরোনো তারায় সমৃদ্ধ এলাকাতেও দেখা গেছে। উচ্চ শক্তির এক্স-রে পর্যবেক্ষণে এগুলো দৃশ্যমান না হলেও কম শক্তির এক্স-রে ছবিতে স্পষ্টভাবে ধরা পড়েছে।
বিজ্ঞানীদের মতে, কম শক্তির এক্স-রের পাশাপাশি এসব বস্তু থেকে প্রচুর অতিবেগুনি রশ্মি নির্গত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এই বৈশিষ্ট্য মহাবিশ্বের দীর্ঘদিনের দুটি রহস্য সমাধানে নতুন সূত্র দিতে পারে বলে মনে করছেন গবেষকেরা।
তবে এসব বস্তুর প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত করতে পারেননি বিজ্ঞানীরা। তাদের ধারণা, এগুলো সম্ভবত ব্ল্যাকহোল, নিউট্রন স্টার কিংবা শ্বেত বামদ্বারকে কেন্দ্র করে গঠিত কোনো বাইনারি সিস্টেম হতে পারে।
গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, এ ধরনের বাইনারি সিস্টেমে একটি মহাজাগতিক বস্তু তার সঙ্গী নক্ষত্র থেকে পদার্থ টেনে নেয়। সেই পদার্থ উত্তপ্ত হয়ে শক্তিশালী বিকিরণ তৈরি করতে পারে, যার মধ্যে এক্স-রেও রয়েছে।
নতুন এই আবিষ্কার থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন, মহাবিশ্বে তীব্র অতিবেগুনি রশ্মি নির্গত করা এমন আরও বহু বাইনারি সিস্টেম থাকতে পারে, যেগুলো এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে ভবিষ্যৎ পর্যবেক্ষণে মহাজাগতিক বস্তুর এই নতুন শ্রেণি নিয়ে আরও তথ্য পাওয়ার আশা করছেন তারা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ