প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম আপডেট: ১৪.০৯.২০২৬ ৫:১০ PM

এখন থেকে সচিবালয়ে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার সচিবালয়ে নিজ অফিসকক্ষ থেকে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় মন্ত্রী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা পর্যালোচনা করেন।
পর্যবেক্ষণের সময় কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতির বিষয়টি মন্ত্রীর নজরে আসে। পরে তিনি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, জনগণকে যথাযথ স্বাস্থ্যসেবা দিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠানে মানুষ যাতে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে উপস্থিতি পর্যবেক্ষণ আরও জোরদার করা হবে।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ