প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এখনো ১৪০ জন নিখোঁজ রয়েছেন।
রোববার উদ্ধারকারী সংস্থার কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানায়, ভোরের দিকে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি প্রথমে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় জাহাজটিতে ২৪৩ জন যাত্রী ছিলেন।
জাহাজটি শনিবার পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া শহর থেকে সাউথ কালিমানতান প্রদেশের বানজারমাসিন শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। পরে জাভা সাগরে সেটি ডুবে যায় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে কী কারণে জাহাজটি ডুবে গেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
উদ্ধারকারী সংস্থার বানজারমাসিন কার্যালয়ের প্রধান আই পুতু সুদায়ানা এক ভিডিও বার্তায় জানান, বিভিন্ন জাহাজের সহায়তায় দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কয়েকজন যাত্রীকে পূর্ব জাভার একটি বন্দরে নেওয়া হবে।
নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার প্রশাসন। জাহাজটির সর্বশেষ অবস্থানের দিকে বিশেষ উদ্ধারকারী দল, বেশ কয়েকটি উদ্ধারকারী জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় অভ্যন্তরীণ যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ফেরি ও যাত্রীবাহী জাহাজ। বিমান ভ্রমণের তুলনায় নৌপথ সাশ্রয়ী হওয়ায় দেশটির বিপুলসংখ্যক মানুষ নিয়মিত এসব নৌযানের ওপর নির্ভর করেন।
তবে দেশটিতে নৌযান পরিচালনার ক্ষেত্রে অনেক সময় নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ রয়েছে। এ কারণে ইন্দোনেশিয়ায় নৌদুর্ঘটনাও তুলনামূলকভাবে বেশি ঘটে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ