
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি)। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকল্পের নির্মাণকাজ ও কমিশনিং কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়েনি বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিএইসির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (তথ্য) ও প্রকল্পের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক প্রেসনোটের মাধ্যমে এ তথ্য জানান।
প্রেসনোটে জানানো হয়েছে, গত ৭ সেপ্টেম্বর ভোর পৌনে ৪টার দিকে রূপপুর প্রকল্পের পাইনিয়রবেসের একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার স্থানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে হওয়ায় বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের কমিশনিং এবং সার্বিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে আগুনে বিএইসির অস্থায়ী ভবনের দুটি অফিস কক্ষের আসবাবপত্র, নথিপত্র এবং আইটি ও যোগাযোগ-সংক্রান্ত কিছু সরঞ্জাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রয়েছে ডিজিটাল সিস্টেমে
অগ্নিকাণ্ডে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নথির পর্যাপ্ত ব্যাকআপ ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত রয়েছে। ফলে তথ্য সংরক্ষণ এবং প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন ঘটছে না।
এ কারণে অগ্নিকাণ্ডের প্রভাব মূল প্রকল্পের কার্যক্রমে পড়েনি বলে জানিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য প্রকল্পের ফায়ার সেফটি প্রসিডিওর অনুসরণ করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রেসনোটে বলা হয়েছে, প্রাথমিকভাবে স্প্লিট টাইপ এসির ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের সংশ্লিষ্ট বিভাগ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঘটনাটি ইতোমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ ও প্রশাসনিক কর্মকর্তা রুহুল কুদ্দুস জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরও প্রকল্পের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে।
কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, আগুনের ঘটনাটি প্রকল্পের মূল পারমাণবিক স্থাপনার বাইরে ঘটেছে এবং এতে মূল বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং বা অন্যান্য কার্যক্রম ব্যাহত হয়নি। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অগ্নিকাণ্ডের কারণ ও নিরাপত্তাব্যবস্থার বিষয়টি তদন্তের মাধ্যমে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি