প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে দ্বিতীয় দফায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ক্যাম্পেইনের অধিকাংশ টিকা ইতোমধ্যে ইউনিসেফের মাধ্যমে দেশে পৌঁছেছে। বাকি টিকাও ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ধানমণ্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে অ্যাসোসিয়েশন ফর ডিজএবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিল আয়োজিত ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের টিকাদান কর্মসূচি শেষ হওয়ার পরও দেশে হামের সংক্রমণ অব্যাহত থাকায় সরকার মপ-আপ কার্যক্রম হাতে নেয়। এর আওতায় নতুন করে ১৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগের সরকার দেশে কোনো টিকা মজুত রেখে যায়নি। এমন পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার মাত্র ২১ দিনের মধ্যে ১ কোটি ৮৫ লাখ শিশুর জন্য টিকা সংগ্রহ করে টিকাদান কার্যক্রম সম্পন্ন করেছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে দেশের প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা আরও জোরদার করা হয়েছে। প্রতিটি হাসপাতালে আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে ব্যবহারের জন্য মোবাইল হাসপাতালের ব্যবস্থাও রাখা হয়েছে।
উপজেলা পর্যায়েই ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে টারশিয়ারি হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে সোসাইটি অব মেডিসিনের মাধ্যমে উপজেলা পর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
সরকারের লক্ষ্য হলো প্রান্তিক পর্যায়েই রোগীদের চিকিৎসা নিশ্চিত করে রাজধানীর বড় হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ কমানো।
স্বদেশ প্রতিদিন/এফএইচ