প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৫ পিএম

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ভবনের পাশে একটি চারতলা ভবনের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বেলা ১১টা ১২ মিনিটে ওই ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের প্রচেষ্টায় বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে আগুনে কোনো হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনেন। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তী সময়ে তদন্তের মাধ্যমে জানা যাবে।
স্বদেশ প্রতিদিন/এস পি