বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
অনলাইন বিয়ে নিবন্ধনে বয়স যাচাই, কমবে বাল্যবিয়ে ও বহুবিয়ে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম

বিয়ে ও তালাক নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিক্স: বিয়ে ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলার ১০২টি ইউনিয়নে অনলাইন বিয়ে ও তালাক নিবন্ধন কার্যক্রম চালু করা হবে।

এ লক্ষ্যে আইন ও বিচার বিভাগের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন ব্যবস্থায় অনলাইন বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থার সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন ডাটাবেজের আন্তঃসংযোগ থাকবে। ফলে বিয়ের আগে বর-কনের পরিচয় ও বয়স অনলাইনে যাচাই করা সম্ভব হবে। পরিকল্পনা অনুযায়ী, নারীর বয়স ১৮ বছর এবং পুরুষের বয়স ২১ বছর পূর্ণ না হলে বিয়ে নিবন্ধন করা যাবে না।

পাইলট প্রকল্পের আওতায় গাজীপুরের কালীগঞ্জ, গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, শেরপুরের ঝিনাইগাতী, কুড়িগ্রাম সদর, গাইবান্ধার সুন্দরগঞ্জ, নড়াইল সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, সিলেট সদর, কক্সবাজারের চকরিয়া এবং কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচিত হয়েছে।

প্রকল্পের আওতায় রিয়েল টাইম কেন্দ্রীয় ডাটাবেজ, ডাটা সেন্টার ও ব্যাকআপ ব্যবস্থা, অনলাইন নিবন্ধন সফটওয়্যার এবং নিকাহ রেজিস্ট্রারদের প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি সরঞ্জাম সরবরাহ করা হবে। এর ফলে বিয়ে ও তালাকের তথ্য তাৎক্ষণিকভাবে সংরক্ষণ এবং দ্রুত ডিজিটাল সনদ দেওয়ার সুযোগ তৈরি হবে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, অনলাইন বিয়ে নিবন্ধন সফটওয়্যার তৈরির কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। ইতোমধ্যে ন্যাশনাল ডাটা সেন্টার থেকে ক্লাউড সার্ভার বরাদ্দ নেওয়া হয়েছে। জন্ম-মৃত্যু নিবন্ধন ও এনআইডি ডাটাবেজের সঙ্গে এপিআই সংযোগও স্থাপন করা হয়েছে। পাশাপাশি সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ও বায়োমেট্রিক ডিভাইস পরীক্ষামূলকভাবে সংযুক্ত করা হয়েছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, পাইলট এলাকার নিকাহ রেজিস্ট্রারদের ১০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ মডিউল তৈরি, প্রশিক্ষক প্রস্তুত এবং স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের ভেন্যু নির্ধারণে ব্র্যাক কারিগরি সহায়তা দেবে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল বিয়ে নিবন্ধনের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা তৈরিতেও কাজ করবে সংস্থাটি।

পাইলট প্রকল্প বাস্তবায়নে প্রায় ১১ কোটি টাকা ব্যয় হবে। চুক্তির মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। পাইলট প্রকল্প সফল হলে এর অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে সারাদেশে অনলাইন বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মো. আজিজুল হক এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পরিচালক শ্বাশ্বতী বিপ্লব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ডিজিটাল পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধন চালু হলে বাল্যবিবাহ, বহুবিবাহ, জাল বিয়ে সনদসহ বিয়েসংক্রান্ত বিভিন্ন ধরনের জালিয়াতি প্রতিরোধ সহজ হবে। একই সঙ্গে মানুষ দ্রুত বিয়ে ও তালাকের তথ্য যাচাই এবং ডিজিটাল সনদ পাওয়ার সুযোগ পাবেন।

আইনমন্ত্রী বলেন, “আমরা এগিয়ে যেতে চাই। আমাদের সামনে যদি কোনো ইনোভেটিভ আইডিয়া আসে, সেটাকে আমরা গ্রহণ করে জনকল্যাণের দিকে এগিয়ে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, ব্র্যাক দীর্ঘদিন ধরে দেশের তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর অধিকার নিয়ে কাজ করছে। সংস্থাটির অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  আইন মন্ত্রণালয় নিকাহ রেজিস্ট্রার বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close