প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০১ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের বার্ষিক আনন্দভ্রমণে অংশ নিয়ে চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, দুর্ঘটনায় বাসে থাকা ৪০ শিক্ষার্থীর মধ্যে ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর শিক্ষার্থীদের কক্সবাজার ভ্রমণ আর এগিয়ে নেওয়া হয়নি। কক্সবাজারের পথে থাকা অপর তিনটি বাসও আনন্দভ্রমণ বাতিল করে বরিশালের উদ্দেশে ফিরে গেছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভোরের দিকে মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায় হাইওয়ে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এস পি