প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি নিয়ে টানাপোড়েনের মধ্যেই লাদাখে সিন্ধু নদের পানি ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। লেহ জেলার উপশি এলাকায় নদীর ওপর প্রাকৃতিক বড় পাথর সাজিয়ে একটি বিশেষ শিলা বাঁধ নির্মাণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাঁধটি তৈরিতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। বড় বড় পাথর দিয়ে নির্মিত এই বাঁধের ফলে নদীর পানির উচ্চতা প্রায় ১০ ফুট বেড়েছে। এতে সীমান্তঘেঁষা খরাপ্রবণ এলাকার কৃষকদের জন্য সেচের পানি সংগ্রহ সহজ হয়েছে।
এতদিন পাহাড়ি গভীর খাদ দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হওয়ায় সাধারণ পাম্প দিয়ে পানি তোলা কৃষকদের জন্য কঠিন ছিল। বিশেষ করে বসন্তকালে বীজ বপনের সময় পানির সংকট তীব্র হয়ে উঠত। নতুন বাঁধের কারণে সেই সমস্যা অনেকটাই কমার আশা করা হচ্ছে।
প্রায় ৪ কোটি লিটার পানি ধরে রাখার সক্ষমতা
নতুন বাঁধটিতে একসঙ্গে প্রায় ৪ কোটি লিটার পানি আটকে রাখা সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখান থেকে খালের মাধ্যমে পানি শুকনো ও খরাকবলিত কৃষিজমিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তবে উদ্যোগটির গুরুত্ব শুধু কৃষিকাজের মধ্যে সীমাবদ্ধ নয়। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি নিয়ে বিরোধের পর সীমান্তবর্তী এলাকায় নদীর পানি নিজেদের প্রয়োজনে ব্যবহারের ওপর ভারত আরও গুরুত্ব দিচ্ছে। উপশির এই প্রকল্পকে সেই বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।
আরও ৩৬টি বাঁধ তৈরির পরিকল্পনা
উপশির প্রকল্পের সাফল্যের পর লাদাখ প্রশাসন সিন্ধু নদসহ আশপাশের নদীগুলোতে আরও ৩৬টি ছোট বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। লেহ ও কারগিল অঞ্চলে এসব প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫৬ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকায় পানির সংকট কমানোর পাশাপাশি কৃষি ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এসব প্রকল্প ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/আরএম