প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম

ইতালির ভেনিসের কাছে ক্রেভান নামের একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা। দ্বীপটির সবচেয়ে বড় আকর্ষণ নেপোলিয়ন আমলে নির্মিত একটি পুরোনো দুর্গ, যা পরে সংস্কার করে আবাসিক ভবনে রূপ দেওয়া হয়েছে।
ভেনিস লেগুনে অবস্থিত ক্রেভান দ্বীপটি ভেনিসের মূল ভূখণ্ড থেকে প্রায় সাড়ে ৭ কিলোমিটার দূরে। প্রায় ৫ হাজার ৭০০ বর্গমিটার আয়তনের দ্বীপটি সবুজ গাছপালায় ঘেরা। এখান থেকে আশপাশের ভেনিসীয় দ্বীপগুলোর বিস্তৃত দৃশ্য দেখা যায়।
দ্বীপে থাকা পুরোনো দুর্গটির কাঠামো সংস্কার করে বর্তমানে ২১৫ বর্গমিটারের একটি আবাসিক ভবন তৈরি করা হয়েছে। ভবনটিতে রয়েছে চারটি শোবার ঘর ও তিনটি বাথরুম।
দ্বীপটিতে নৌকা ভেড়ানোর জন্য দুটি জায়গা এবং একটি ডক বা নৌঘাটও রয়েছে। সেখানে পৌঁছাতে হলে নৌপথ অথবা হেলিকপ্টার ব্যবহার করতে হয়।
দ্বীপটি বিক্রির দায়িত্বে থাকা লিওনার্ড লাক্সারি রিয়েল এস্টেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিমিত্রি কর্টির মতে, ভেনিসের এত কাছে থেকেও সম্পূর্ণ নিরিবিলি ও ব্যক্তিগত পরিবেশ পাওয়ার সুযোগ এখন খুবই বিরল। ক্রেভান প্রকৃতি, ব্যক্তিগত পরিসর এবং ইতিহাস—তিনটির সমন্বয় ঘটিয়েছে।
ক্রেভান থেকে কাছের বুরানো ও তোরচেল্লো দ্বীপের দৃশ্য দেখা যায়। রঙিন বাড়িঘরের জন্য বুরানো ‘ভেনিসের সবচেয়ে রঙিন দ্বীপ’ হিসেবে পরিচিত। অন্যদিকে তুলনামূলক নিরিবিলি তোরচেল্লোতে অল্পসংখ্যক মানুষ বসবাস করেন এবং সেখানে স্থানীয় ইতিহাস ও কিংবদন্তির বিভিন্ন নিদর্শন রয়েছে।
ক্রেভানের বর্তমান আবাসিক ভবনটি মূলত পুরোনো দুর্গের কাঠামো ধরে সংস্কার করা হয়েছে। ফলে সম্ভাব্য ক্রেতার কাছে এটি শুধু একটি বিলাসবহুল ব্যক্তিগত বাড়ি নয়—ভেনিস লেগুনের ইতিহাসের একটি অংশের মালিক হওয়ার সুযোগও।
স্বদেশ প্রতিদিন/আরএম