প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে ১২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বিশেষ কৌশলে কালো আঠালো ফিতায় মোড়ানো সোনার বারগুলো তার পরনের বেল্টের মধ্যে লুকানো ছিল।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধার করা ১২০টি সোনার বারের মোট ওজন ১৩ কেজি ৯২০ গ্রাম। কাস্টমসের হিসাবে এর আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।
কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে সোনা চোরাচালানের তথ্য পেয়ে বিমানবন্দরে বিশেষ তল্লাশি চালানো হয়। উড়োজাহাজ পরিষ্কারের কাজ শেষে যান্ত্রিক ও পরিচ্ছন্নতাকর্মীরা বের হওয়ার সময় তাদের তল্লাশি করা হচ্ছিল।
এ সময় বাংলাদেশ বিমানের কারিগরি সহকারী মো. সোয়েব গাজীর বেল্টের মধ্যে কালো আঠালো ফিতায় মোড়ানো কয়েকটি বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কাস্টমস হাউসে নিয়ে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষা ও তালিকা করা হয়। তখন ১২০টি সোনার বার শনাক্ত হয়।
প্রাথমিকভাবে কাস্টমসের ধারণা, সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে সোনার বারগুলো দেশে আনা হয়েছিল এবং পরে বিমানবন্দরের বাইরে পাচারের পরিকল্পনা ছিল। কাস্টমস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ তৎপরতায় পাচারের আগেই সোনাগুলো আটক করা সম্ভব হয়েছে।
উদ্ধার করা সোনার বারগুলো বর্তমানে বিমানবন্দরের মূল্যবান পণ্য সংরক্ষণাগারে রাখা হয়েছে। চোরাচালানে আটক ও বাজেয়াপ্ত পণ্য নিষ্পত্তির নিয়ম অনুযায়ী সেগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/আরএম