প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ পিএম

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই শিশু হলো—আফরা (৯ মাস) ও সাফওয়ান (৮ মাস)।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়নি। তবে একই সময়ে হাম উপসর্গ নিয়ে ১১৯ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে কম বয়সী শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া ও শরীরে র্যাশসহ হামসদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের হামসহ সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আক্রান্ত শিশুকে অন্য শিশুদের কাছ থেকে আলাদা রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
স্বদেশ প্রতিদিন আরএম