প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম আপডেট: ০৪.০৯.২০২৬ ৪:২৬ PM

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘UDYOG’ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে অর্ধেক থাকবে ব্যাংক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না। ঋণের অংশে সুদ বা মুনাফার হার হবে ৪ থেকে ৭ শতাংশ। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশটিও সুদমুক্ত ঋণে পরিণত হবে এবং ঋণটি খেলাপি হিসেবে বিবেচিত হতে পারে।
কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতের ব্যবসায়িক উদ্যোগ এই কর্মসূচির আওতায় আসবে। উদ্যোক্তারা অর্থের পাশাপাশি প্রশিক্ষণ, মেন্টরশিপ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরির সহায়তাও পাবেন।
প্রাথমিকভাবে ৮টি জেলার ৬৪টি উপজেলায় কর্মসূচিটি চালু হবে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে নির্বাচনের পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে দেশব্যাপী বছরে প্রায় ৫ হাজার উদ্যোক্তাকে সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে বিস্তারিত সার্কুলার জারি করা হবে। এরপর নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলার ব্যাংক শাখায় আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স চূড়ান্ত আবেদনের তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়; একটি বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করার সুযোগ থাকবে।
স্বদেশ প্রতিদিন/আরএম