প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম আপডেট: ২৩.১১.২০২৫ ৪:২৮ PM

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাক-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভাটেরচর এলাকার "ভাটেরচর গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে" এ গজারিয়া থানার পুলিশ অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এ অভিযান চালায় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তমা আক্তার (২৮), জামালপুরের সাথী আক্তার (২০), পটুয়াখালীর শামীমা আক্তার (২২), গজারিয়ার বর্ষা (১৮) ও সুমন মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িটির মালিক রাসেল মিয়া। নারায়ণগঞ্জের দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গেস্ট হাউস পরিচালনার অন্তরালে পতিতা ব্যবসা করছিলেন।
গেস্ট হাউস কাম হোটেলটিতে নিয়মিত সন্দেহজনক ব্যক্তির যাতায়াত দেখা গেলেও আজ স্থানীয়রা সরাসরি বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেন।
গজারিয়া থানার এস আই বিজন বাড়ৈর নেতৃত্বে পুলিশ ওই গেস্ট হাউস অভ্যন্তর থেকে উল্লিখিত পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বাড়ির মালিক রাসেল মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ার আলম আজাদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটির সঙ্গে যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।