প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:৪৬ পিএম

সংগৃহীত ছবি
হাইকোর্ট মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন।
আজ শনিবার (২২ নভেম্বর) আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি আরো জানান, এখনো রায়ের কপি হাতে পাননি। এর আগে, চলতি বছরের ২ জুন হাইকোর্ট বিভাগ বিচারিক আদালতের রায় বহাল রেখে রায় দেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় করা মামলার বিচার শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুজনকে মৃত্যুদণ্ড, ৬ জনকে যাবজ্জীবন ও ৭ জনকে খালাস দিয়ে রায় দিয়েছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক এসআই নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, টেকনাফ থানায় পুলিশের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।
পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার যাবতীয় কার্যক্রম হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করেন।
এরপর দণ্ডের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২ জুন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।
আইনজীবী এম সরোয়ার হোসেন বলেন, “হাইকোর্ট ২ জুন ফাঁসির আদেশ বহাল
রেখেছিলেন। জুন মাস থেকে অপেক্ষায় ছিলাম কবে এ রায় প্রকাশ পাবে। আমরা
আনন্দিত হয়েছি, এ রায় সই করা হয়েছে, প্রকাশ হয়েছে। আসামিরা এখন আপিল করার
জন্য ৩০ দিন সময় পাবেন। আপিল করলে আপিল বিভাগে আপিল শুনানি হবে। আমরা আশা
করবো সেখানেও এ রায় বহাল থাকবে।”