
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৭ বছরের শিক্ষকতার চাকরির শেষ দিনে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে মো.আসলাম নামের এক প্রধান শিক্ষককে বিদায় দিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। সুসজ্জিত মাইক্রোবাসে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। মো.আসলাম ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক হিসেবে চাকরির শেষ দিবস পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আসলামকে রাজকীয় সংবর্ধনা দিয়ে বিদায় জানানো হয়। অবসরে যাওয়া ওই প্রধান শিক্ষক উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর গ্রামের বাসিন্দা।
অনুষ্ঠানে আলোচনার পরে তাকে বিদায় সংবর্ধনা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রিয় শিক্ষককে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় সুসজ্জিত গাড়িতে। এ সময় বিদায়ী শিক্ষককে ফুল ছিটিয়ে ও ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। শিক্ষার্থী ও সহকর্মীদের এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন মো.আসলাম।
বিদ্যালয়টির সহকারি শিক্ষক ফাতিমা নাজরীন বলেন, মো. আসলাম স্যার খুব ভালো শিক্ষক ছিলেন। স্যারের শূন্যতা কখনই পূরণ হবার নয়। স্যারকে চাকুুরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। যার কারনে আমদের সহকারি শিক্ষকদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেতো না। স্যার দক্ষতার সাথে স্কুল পরিচালনা করতেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বোদা উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার ইউনুছ আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সীমান্ত কুমার বসাক, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিনহাজুল ইসলাম প্রমুখ।
বিদায়কালে প্রধান শিক্ষক মো.আসলাম বলেন, বিদায় খুবই কষ্টের। আমার এ বিদায়কে যে সম্মান দেয়া হয়েছে তাতে আমি আজীবন মনে রাখবো। আমার সন্তানতুল্য সব শিক্ষার্থীদের দেখে রাখবেন। আর শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।
উল্লেখ্য, ১৯৮৮ সালে শিক্ষকতা দিয়ে শুরু হয় মো.আসলামের কর্মজীবন। শুরুতে তিনি হারাদিঘী উচ্চ বিদ্যালয় দিয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। পরে ১৯৯৫ সালে কামাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। পরে সেখান থেকে বদলি হয়ে দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ১৯৯৮ সালে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় অংশ নিয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
২০০৮ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হোন। স্বাধীনতা পরবর্তী সময়ে উপজেলায় প্রথম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অজর্জন করেন।
২০১১ সালে তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বদলি হয়ে ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে প্রায় ১৫ বছর এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করলেন। এ বিদ্যালয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা করে অবসরে গেলেন এ প্রধান শিক্ষক মো. আসলাম।
স্বদেশ প্রতিদিন/ এমএস