প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম আপডেট: ২১.১১.২০২৫ ৪:৫৯ PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, ‘বিএনপি মিডিয়া সেল’ নামের একটি ফেসবুক গ্রুপে ফেক আইডি ব্যবহার করে অজ্ঞাতনামা ব্যক্তি বা একটি চক্র দলের কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এতে উদ্দেশ্যমূলকভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে।
এছাড়া তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম-১৩ এলাকায় যুবলীগ ক্যাডারদের ব্যবহার করে কথিত বিএনপি নামধারী একটি চাঁদাবাজ গ্রুপ রাতের আঁধারে স্লোগান এবং সশস্ত্র মহড়ার মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ড এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে পারে বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।
ফেসবুকের ওই গ্রুপে ‘ইউজারসিফ সিজান’ নামে একটি ফেক আইডি গত ১৪ নভেম্বর একটি পোস্ট দেয়। সেখানে দাবি করা হয় আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের বাদ দিয়ে নিজস্ব তালিকা তৈরি করছেন। পোস্টটিতে ২১২ জন মন্তব্য করেন, যার বেশিরভাগই নেতিবাচক এবং দলীয় নেতাদের বিরুদ্ধে বিরূপ ধারণা সৃষ্টি করতে পারে জিডিতে এমন তথ্যও উল্লেখ রয়েছে।
উপজেলা যুবদল নেতা ফারুক হোসেন বলেন, “এটি সুপরিকল্পিত অপপ্রচার। দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ভুয়া আইডি ও গ্রুপ ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তাই আইনি প্রক্রিয়ায় বিষয়টি অবহিত করা হয়েছে।”
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে